ইসলাম টাইমস ডেস্ক: ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেৱ সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা।
আন্দোলনকারী শ্রমিকদের দাবি , যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। তাদের ঘরে খাবার নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে তাদের দিন কাটছে। কেউই তাদের সাহায্য দিতে এগিয়ে আসছে না ।
আন্দোলনকারী শ্রমিকরা আরো জানান, বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। সরকার বলছে অনেক ত্রাণ বিতরণ হচ্ছে- অথচ আমরা কোনো ত্রাণ পাচ্ছি না। কিছুদিন আগে আমাদের ত্রাণ দেয়ার কথা বলে আমাদের আইডি কার্ডের ফটোকপি ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নেয়া হয়েছে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও আমরা কোনো ত্রাণ পাচ্ছি না।
এদিকে অবরোধের খবর পেয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় তারা আন্দোলনকারী শ্রমিকদের ত্রাণের ব্যবস্থা করবেন এমন আশ্বাস দিলে দুই ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
















