ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী যান চলাচল বন্ধ থাকলেও থেমে নেই মাদক পাচার। অভিনব কায়দায় ট্রাকের চাকায় রাখা ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর থানার সীমাবাড়ী এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পণ্য বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। সীমবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে থাকা একটি অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়ে। এ সময় টহল পুলিশ থাকায় ট্রাকটি দ্রুত চলে যায়। পুলিশ চাকা উদ্ধার করতে গিয়ে দেখে টায়ারের কিছু অংশ কাটা। পরে দেখা যায় বিকল ওই চাকার মধ্যে ১৩৪ বোতল ফেনসিডিল।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বার্তা২৪.কম-কে বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতেও মাদক ব্যবসায়ীরা থেমে নেই। অভিনব কায়দায় চাকার মধ্যে ফেনসিডিল পাচার করছিল।
















