ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। করোনায় আক্রান্ত হওয়ার পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিওকলের মাধ্যমে বিস্তারিত জানান মিশুস্তিন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভিডিওবার্তায় রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখনই জানতে পারলাম, আমার করোনাভাইরাসের টেস্টে পজিটিভ এসেছে।’
পুতিন বলেন, ‘আপনার সঙ্গে যা হয়েছে, অন্য যে কারো ক্ষেত্রেই তা ঘটতে পারে। এবং আমি সব সময়ই এ কথা বলে আসছি।’
মিখাইল মিশুস্তিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আপনি খুবই সক্রিয় একজন মানুষ। এখন পর্যন্ত আপনি যে কাজ করেছেন, এ জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।’
গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন মিখাইল মিশুস্তিন। করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর রাশিয়ায় এর সংক্রমণ ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩ জন। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছে এক লাখ ছয় হাজারের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ হাজার ৬১৯ জন।
















