ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম অধ্যুষিত মেরঠের শাহপীর গেটে ৬৮ বছরের হিন্দু পুরোহিত রমেশ মাথুর মারা যাওয়ার পর লকডাউনে কোনও আত্মীয়-স্বজন আসতে না পারায় রোজার মধ্যে করোনার ভয় উপেক্ষা করে পুরোহিত রমেশের মরদেহ নিয়ে শশ্মানে রওনা হন প্রতিবেশী মুসলিমরা।
এদিকে পুরোহিত রমেশের মরদেহ নিয়ে মুসলিমরা শশ্মানে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন এর মাধ্যমে জয় হল মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ।
রমেশের ছেলে চন্দ্র মৌলি মাথুর জানিয়েছেন, ‘বাবার খাদ্যনালীতে একটা টিউমার ছিল। অনেকদিন ধরে চিকিত্সা চলছিল। মঙ্গলবার হঠাত্ তিনি মারা যান। আমার দাদা দিল্লি থেকে ফিরতে পারেননি। লকডাউনে কোনও আত্মীয়-স্বজনও আসতে পারেননি। এই সময় প্রতিবেশীরাই আমাদের সাহায্যে এগিয়ে আসেন, বাবার দেহ নিয়ে যান শ্মশানে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এলাকার সব মুসলিমরা আমাদের ভাইয়ের মতো।’
শাহপীর গেটের কাউন্সিলর মহম্মদ মোবিন জানিয়েছেন, ‘এখন এমন একটা সময়, যখন আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। মানবতার পরিচয় দেওয়া উচিত। মুসলিমরা রোজার উপোষ সত্ত্বেও করোনাভাইরাসের ভয়কে দূরে সরিয়ে পুরোহিতের পরিবারের পাশে দাঁড়ানোয় আমি খুব খুশি।’
সূত্র: এই সময়।
















