ইসলাম টাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৩৩৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনায় মৃতের এ সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুণেরও বেশি। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ২২ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।
খবরে বলা হয়, বিগত এক মাসের মধ্যে দৈনিক হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে কম মানুষের মৃত্যু ঘটে। এদিন দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৫ জন প্রাণ হারায়।
এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এএফপি।
















