ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে করোনার সবচেয়ে বেশি সংক্রমিত যে ১০ এলাকার নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফত মোহাম্মদপুর তার মধ্যে অন্যতম। সংক্রমণের আশঙ্কা বেশি থাকলেও করোনা সতর্কতা কিংবা নিয়ম মানার কোনও চিহ্ন নেই রাজধানী মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে। জেনেভা ক্যাম্পে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন কমপক্ষে দুই ব্যক্তি। সন্দেহভাজন আরও কয়েকজন। ক্যাম্পের প্রবেশ মুখে লকডাউন নির্দেশনা থাকলেও পরিস্থিতি আমলেই নিচ্ছেন না কেউ।
ক্যাম্পের বাসিন্দারা জানান, সম্প্রতি শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। তবুও নেই সচেতনতা। এছাড়া ত্রাণ সহায়তা কিংবা কোভিড ১৯ শনাক্ত ব্যক্তির হাসপাতালে চিকিৎসা নিশ্চিতে গড়িমসির অভিযোগও ক্যাম্পের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কথা বলা হলেও সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ এ এলাকার জন্য বিশেষ নজরদারি আর সাজাতে হবে আলাদা কর্ম পরিকল্পনা আর বাড়াতে হবে সচেতনতা। আইইডিসিআরও সতর্ক করে বলছে, ঘরে থাকার নির্দেশনার অমান্য করার প্রবণতা ঘনবসতিপূর্ণ এ এলাকায় ডেকে আনতে পারে মারাত্মক বিপর্যয়।
















