ইসলাম টাইমস ডেস্ক: প্রায় প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে ফেরত আসছেন। ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে শুরু করে চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসছেন আটকে পড়া বাংলাদেশিরা। আবার মধ্যপ্রাচ্য ও মালদ্বীপ থেকেও প্রবাসী শ্রমিকরা ফিরছেন। এ মাসের মধ্যে আরও প্রায় ৩০ হাজার ফেরত আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই গোটা প্রক্রিয়ার সঙ্গে সরকারের একাধিক মন্ত্রণালয় জড়িত এবং বিষয়টি বহুমাত্রিক এবং কয়েকটি স্তরে বিভক্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
প্রত্যাবাসনের এই গোটা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিষয়টি কয়েকটি স্তরে হচ্ছে এবং সরকার নিজের খরচে প্রত্যাবাসন করছে না।’
ব্যাখ্যা করতে গিয়ে সচিব বলেন, ‘কয়েকটি দেশে কিছু বাংলাদেশি আটকা পড়ে আছেন এবং সেখানে কমিউনিটির মাধ্যমে তারা ফেরত আসার উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্ট দূতাবাস তাদের সব ধরনের সহায়তা দিয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সবার সঙ্গে আলাপ করে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা আসছেন তারা নিজ খরচে আসছেন। কোনও বাংলাদেশি আটকে থাকলে তার ফেরত আসার বিষয়টিতে সহায়তা করছি এবং আমাদের দূতাবাসও তাদের সংগঠিত বা সহায়তা করার কাজটি করছে।
















