ইসলাম টাইমস ডেস্ক: ঈদের কেনাকাটা না করে সে অর্থ দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশ সংকটকাল পার করছে। এ পরিস্থিতিতে আমি আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে ওই অর্থ অসহায়, দরিদ্র কর্মহীন জনগণের মধ্যে বণ্টনের আহ্বান জানাচ্ছি। এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফকরুল সাহেব ও তার দল বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালন করুন।
















