করোনা চিকিৎসা: পুলিশের জন্য রাজধানীতে আলাদা হাসপাতাল ভাড়া

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীতে ভিন্ন একটি হাসপাতাল ভাড়া নিয়েছে সরকার।রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বেসরকারি ‘ইমপালস’ হাসপাতালটি এ উপলক্ষে ভাড়া নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২৫০ শয্যার ওই হাসপাতালে এখন থেকে শুধু করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১ হাজার ৪২৯। ২৫০ শয্যার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওপর চাপ কমাতে ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেড প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, শিগগিরই ইমপালস হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর আগ্রহ ও সদিচ্ছা এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রচেষ্টায় স্বল্পতম সময়ে এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য আইজিপি বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছেন এবং ইউনিটপ্রধানদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। করোনায় আক্রান্ত পুলিশের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ।

প্রসঙ্গত, পুলিশ বাহিনীতে  করোনায় আক্রান্তদের প্রায় অর্ধেকই ডিএমপির। সারা দেশে আক্রান্ত ১ হাজার ৪২৯ জন পুলিশের মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপি) ৭০৮ জন সদস্য।

পূর্ববর্তি সংবাদকরোনার ওষুধ ‘রেমডিসিভির’ দেশে প্রস্তুত, চড়া দাম নিয়ে উদ্বেগ!
পরবর্তি সংবাদবাবরি মসজিদ ধ্বংস মামলা: আগস্টের মধ্যেই আদভানি-যোশীদের বিরুদ্ধে রায়ের নির্দেশ