ইসলাম টাইমস ডেস্ক: করোনার প্রকোপের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে দেখা দিয়েছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। দেশটির অস্থায়ী রাজধানী অ্যাডেনে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন।
দেশটির কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও তিন হাজার চিকুনগুনিয়া রোগী। খবর আনাদোলুর।
চিকুনগুনিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অ্যাডেনের শেখ ওসমান জেলার গভর্নরও আছেন। গত ২১ এপ্রিল টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে এ রোগ ছড়িয়েছে।
ভয়াবহ ওই বন্যায় ৫ শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছিল। এতে অনেক ঘরবাড়িও ভেঙে গিয়েছিল। এপ্রিলের টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জাতিসংঘের মুখপাত্র জেসন্স লার্ক এক প্রতিবেদনে জানিয়েছেন।
















