ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে।
এ সময় সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসিম।
শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসা উচিত।
মোহাম্মদ নাসিম বলেন, ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক মারা গেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকে অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদমাধ্যম জনগণের কাছে এখনও প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্তদের জন্য কোনও সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।
এই অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীকে অনুরোধ জানান।
















