ইসলাম টাইমস ডেস্ক : তামাক এমনিতেই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তার উপর বিদ্যমান করোনা পরিস্থিতিতে এটি আরও ঝুকিপূর্ণ। কিন্তু এই অবস্থাতেও চাষীদের কোন রকম স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে মসজিদের পাশে খোলা ময়দানে একাধিক ট্যোবাকো কোম্পানির বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে তামাক কেনার অভিযোগ উঠেছে।
জানা যায়, শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া উত্তর ডাউলী এলাকায় স্থানীয় একটি জামে মসজিদের সামনে খোলা ময়দানে তামাকের পসরা বসিয়েছেন নাসির ট্যোবাকো নামের একটি তামাক ক্রেতা প্রতিষ্ঠান।
অথচ তামাক ক্রয় করার আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রতিটি কোম্পানি সামাজিক দূরত্ব নিশ্চিত করে তামাক ক্রয়ের অঙ্গিকারপত্র দাখিল করেছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে তামাক কোম্পানি তামাক ক্রয়ের অনুমতিপত্র ঘেটে দেখা গেছে, প্রতিটি কোম্পানি তামাক ক্রয় করার সময় আগত বিক্রেতা(চাষীর) স্বাস্থ্যগত উপসর্গ যেমন, শরীরের তামমাত্রা থার্মাল মেশিন দ্বারা নিরক্ষণ করে তামাক ক্রয় কেন্দ্রে প্রবেশ করাতে হবে।
এছাড়া যাদের মাস্ক নেই তাদের মাস্ক সরবরাহ করতে হবে। তামাক ক্রয় কেন্দ্রের বিভিন্ন জায়গায় সাবান দিয়ে হাত ধোয়াসহ জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করতে হবে।
সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রয় কেন্দ্রের নির্র্দিষ্ট জায়গাগুলোতে ৩ ফুট দূরত্বে দাঁড়ানোর জায়গা চিহ্নিত করতে হবে। যার কোনটি নাসির ট্যোবাকো না মেনে খোলা আকাশের নিজে তামাক কিনছে।
এসব অনিয়ম প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্তিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তামাক কেনা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















