শরীফ মুহাম্মদ।।
একজন সহজ,সরল, সজ্জন মানুষ ছিলেন মাওলানা আবদুল লতিফ নেজামী। বিগত প্রায় ৮ বছর ধরে ইসলামী ঐক্যজোটের রাজনীতিতে সরব ছিলেন অমায়িক এমানুষটি। অনেক আগেই সত্তর পেরোনো এআলেম সাংবাদিককে নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে দেখে এসেছি। প্রাচুর্য ও ভাব ছিল না তাঁর মধ্যে। ফুটপাতের পাশে বসে দুই টাকা-পাঁচ টাকা দামের চা খেতে দেখেছি বহু। নিঃসঙ্গ পথচারির মতো ফুটপাত ধরে হাঁটতে দেখেছি। রাস্তায় চলতে গিয়ে পাঁচ টাকার বাদাম কিনে আয়েশ করে খেতে দেখেছি।
নব্বইয়ের দশকে দৈনিক শক্তি নামের একটি পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করতেন। নেজামে ইসলামের সঙ্গে সম্ভবত বহু আগে থেকেই যুক্ত ছিলেন। প্রতিকূল মুহূর্ত এবং বেকায়দা সময়ে আক্রমণাত্মক প্রশ্ন ও কথাবার্তার সময়েও হাসিমুখে উত্তর দিতে দেখেছি। খোঁচা দিয়ে কথা বলে দেখেছি, ঘরোয়া মানুষের মতো লাজুক ভঙ্গিতে কথার উত্তর দিয়েছেন।

তাঁর লেখার হাত সুন্দর ছিল। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার কোনো কোনো প্রবন্ধ পড়ে বুঝা যেতো, বাংলাদেশের ইসলামী রাজনীতি, রাজনীতির ইসলামীকরণ, রাজনীতিতে বি- ইসলামীকরণ প্রকল্প, বাংলাদেশ-ভারত সম্পর্কের চোরাবালি- এসব ব্যাপার তিনি ভালো বুঝতেন।
ময়দানের ইসলামী রাজনীতিক। পথচারী ও পদচারী রাজনীতিক। আলাপি ও নির্বিরোধ মানুষ। কর্মপন্থা ও সিদ্ধান্তে হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু একজন সদালাপী ভদ্র সজ্জন মানুষ ছিলেন। সারল্যের কারণেই তাঁর কথা খুব মনে পড়ছে।
আজ মাগরিবের পর ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন।
















