ইসলাম টাইমস ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কের পাশে খাল থেকে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বিজয়ঘাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সোমবার সকালে নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘাট এলাকায় মহাসড়কের পাশে খালে লুঙ্গি ও শার্ট পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মাথা ও বাম পায়ে আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙা রয়েছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কেউ ওই যুবককে চিনতে পারেননি। এলাকাবাসীর ধারণা, রোববার রাতের যে কোনো সময় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। পরিচয় পাওয়া গেলে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
















