সানারপাড়ে র‌্যাবের অভিযান,মাদকসহ ৫ জন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রোববার বিকালে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. জাহাঙ্গীর হোসেন (৩৪), মো. কাউছার (৩৮), মো. ইছাক ওরফে কালু মিয়া (৬০), মো. আলমগীর হোসেন (২৮) ও একজন অপ্রাপ্ত বয়স্ক। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনে বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের কাঙ্গালমুড়ি এলাকায় ও কাউছারের বাড়ি একই থানাধীন উত্তর যাত্রাপুর এলাকায় এবং ইছাকের বাড়ি বরগুনার বেতাগীর কাজী আবাদি এলাকায়।

আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনবপন্থায় গাঁজা ও ফেনসিডিল সরবরাহ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বাংলাদেশে আনেন। পরে তারা কাভার্ডভ্যানে পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদউপমন্ত্রী নওফেলের ছোট ভাই করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদবিবাড়িয়ায় রেশন কার্ডের তালিকায় পাঁচতলা ভবনের মালিক আ.লীগ নেতার নাম