ইসলাম টাইমস ডেস্ক: ঈদ যতই এগিয়ে আসছে, ততই নানা লোভনীয় অফার নিয়ে মাঠে নেমেছে দেশি-বিদেশি কোম্পানিগুলো। অনলাইন, মাল্টিমিডিয়া, টিভি, প্রিন্ট মিডিয়ার প্যানেল বিজ্ঞাপন দখল করে সবাই প্রলুব্ধ করছে ক্রেতাদের।
সামাজিক দায়িত্ব ভুলে নিছক বাণিজ্যের দৌড়ে সবচেয়ে এগিয়ে বহুজাতিক কোম্পানিগুলো। জুতা, জামা, ইলেক্ট্রনিক সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিচ্ছে বেশি। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও সঙ্গরোধের বিষয়টি এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাধারণ মানুষের জীবনের ঝুঁকির প্রেক্ষাপটে কতিপয় ব্যবসায়ী কোম্পানির ক্ষুদ্র মনোবৃত্তি নিয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু না বলায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। যদিও দেশের বিভিন্ন স্থানে মার্কেট না খোলার পক্ষেই অধিকাংশের মত, তথাপি বিশেষ কিছু কোম্পানির লোভনীয় ঈদ বিজ্ঞাপনের প্ররোচনায় ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে দোদুল্যমানতা।
এমনিতেই করোনা থেকে সুরক্ষা পেতে এসব নামজাদা কোম্পানিগুলো সামাজিক দায়িত্ব বা সোশ্যাল রেসপন্সিবিলিটির দিক থেকে বিশেষ কিছুই করেনি। নিজস্ব কর্মী ও ক্রেতাদের জন্যেও আপতকালিন সময়ে কোনো প্রণোদনা দেয়নি, এমন প্রতিষ্ঠানই দেশে বেশি। সেসব প্রতিষ্ঠান ঈদকে সামনে রেখে বাজার গরম করা বিজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাসের বিপন্ন পরিস্থিতিতে সামাজিক দূরত্বের মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে।
অভিজ্ঞমহলের মতে, এইসব বহুজাতিক ও দেশীয় কোম্পানির কাছে মাথা নত করে অবাধ ঈদ মার্কেটিং চালু করা হলে ব্যাপক জনসমাগমের মাধ্যমে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারে, যা হয়ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো বিপদ ঢেকে আনতে পারে।
এ প্রসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একাধিক শিক্ষক তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, বহুজাতিক বা দেশীয় যেকোনো কোম্পানিরই উচিত বিজনেস এথিকস মেনে চলা। দেশ ও মানুষের বিপদকে এড়িয়ে ব্যবসা করার মতলব তাদের জন্য শোভনীয় নয় এবং নৈতিকতার দিক থেকেও সঠিক নয়।
বিশেষজ্ঞরা মনে করেন, ঈদ বিজ্ঞাপনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে সামাজিক দায়িত্ব ভুলে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে যেসব কোম্পানি, তারা সুকৌশলে বিরাট বড় বিপদের কারণ সৃষ্টি করছে। কারণ জাতির বৃহত্তর স্বার্থের সামনে তারা নিজেদের ক্ষুদ্র ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়, বরং আশঙ্কাজনক।
















