ইসলাম টাইমস ডেস্ক: মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড শেখ মেজবাহ উল সাবেরিন, পুলিশ ব্যুরো অফ নভেস্টিগেশনের (পিবিআই ) এক সদস্যসহ ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে। জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৭২ জন। মঙ্গলবার সকালে ৯ এবং ১০ তারিখের পেন্ডিং থাকা ৮২ জনের রিপোর্ট পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)।
এতে ২০ জনের করোনা পজেটিভ আসে। এর আগে করোনার ফলাফলে পজেটিভ আসা জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী আমিনসহ আরও ৪ জনের ফলোআপ রেজালেন্ট পুনরায় করোনা পজেটিভ আসে।
শেখ মেজবাহ-উল-সাবেরিনকে সোমবার মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
এর আগে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। মুন্সীগঞ্জ জেলায় এডমিন ক্যাডার সার্ভির্সের কোনো সদস্যের এই প্রথম করোনা শনাক্ত হলেন।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৩ জন, গজারিয়ায় ৬ জন এবং লৌহজংয়ের একজন আছেন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এ জেলায় মারা গেছে মোট ১২ জন। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন করোনা রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
















