ক্রেতাদের ভিড় সামলাতে না পেরে মুন্সীগঞ্জে সব মার্কেট বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে মুন্সীগঞ্জের সব মার্কেট ও বিপনীবিতান বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ ব্যবসায়ী নেতাদের এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জরুরি খাদ্যসমাগ্রীর দোকান দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

এর আগে সরকারি ঘোষণা অনুযায়ী রোববার খুলে দেয়া হয় শহরের নিউমার্কেটসহ অন্য বিপনীবিতান। তবে প্রথম দু’দিনেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এতে করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে-এ আশঙ্কায় সব মার্কেট ও বিপনীবিতান বন্ধ করে দেয়া হয়।

মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান জানান, অলিগলি ও দোকানের সামনে ক্রেতাদের ভিড় কমানো যায়নি।

ক্রেতাদের সিংহভাগই নারী। কোলের শিশুটিকে নিয়েই মার্কেটে এসেছেন তারা। শারীরিক দূরত্ব বজায় রাখছিলেন না অনেকেই।

।ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী কমিটির কর্মকর্তাদের হিমশিম খেতে দেখা যায়। তিনি বলেন, আমরা সব ব্যবসায়ী নেতাকে নিয়ে বসেছিলাম।

সবাই একমত। এভাবে মার্কেট খোলা রাখা যায় না। তাই সবাই মিলে সম্মিলিতভাবে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত সব মার্কেট বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইত্তেফাকুল উলামা ময়মনসিংহের আহ্বান: এই সময়ে কওমি মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ান
পরবর্তি সংবাদনিউ ইস্কাটনে ছয়তলা ভবন থেকে পচন ধরা লাশ উদ্ধার