ইসলাম টাইমিস ডেস্ক: সান্তনার বাণী শুনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাণঘাতী করোনার সংক্রমণের দিক দিয়ে ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। করোনাভাইরাস মোকাবেলায় সদ্য নিয়োগ পাওয়া ২ হাজার চিকিৎসকের যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে কোভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।
নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে রোগী ফেরত যাওয়া মানে একটি অপরাধ। কোভিড-১৯ এবং অন্য সব রোগীর চিকিৎসা সেবা দিতে হবে।
করোনা মোকাবেলায় সরকার ৩৯তম বিএসএস (বিশেষ) থেকে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে ৪ মে প্রজ্ঞাপন জারি করে। এরপর গতকাল মঙ্গলবার তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
















