ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে ঈদ উপলক্ষ্যে খোলা কিছু মার্কেটে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম। গুলিস্তান বঙ্গ মার্কেট, মহানগর মার্কেট, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন মার্কেটের দোকানগুলো খুবই সংকীর্ণ। ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনায় কোনভাবেই সেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা যাচ্ছে না। এতে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে মার্কেট কর্তৃপক্ষের দাবি, নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা।
দোকান খোলার অপেক্ষায় মার্কেটের সামনে থাকে দোকান মালিক, কর্মচারীদের দীর্ঘ লাইন। মার্কেট খোলার কিছু সময়ের মধ্যেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় তিল ধারণের জায়গাও থাকে না। শাড়ি থ্রি-পিস পাঞ্জাবিসহ বিভিন্ন কাপড়ের জন্য মানুষ ভিড় করে এসব দোকানে।
সারা দেশ থেকে ক্রেতারা আসছেন গুলিস্তানের পাইকারি মার্কেটে। ডিএমপির নির্দেশনায় নিজ এলাকায় কেনাকাটা করার কথা বলা থাকলেও, অনেকেই তা মানছেন না।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সীমিত পরিসরে মার্কেট খুলে দেয়ার নির্দেশনা রয়েছে। পর্যাপ্ত পরিমাণ জীবানুনাশক ছিটানোসহ ক্রেতা-বিক্রেতাকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা থাকলেও ঢাকার এই সংকীর্ণ মার্কেটে তা নিশ্চিত করা যাচ্ছে না।
এদিকে, মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। চলমান সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোয় গণপরিবহনে নিষেধাজ্ঞা গোটা মাসজুড়েই বহাল থাকছে। তবে, রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ ক্রমেই বাড়ছে।
















