ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৯ মে পর্যন্ত সারাদেশে মোট ৯২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ (সিজিএস)।
৮ মার্চ থেকে ৯ মের মধ্যে প্রকাশিত গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে বলে সিজিএস এক প্রতিবেদনে জানিয়েছে।
বুধবার সিজিএসের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা ৮৮ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে এ জাতীয় ৭৯টি ঘটনা ঘটে।
ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং করোনাভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের মতো অপরাধ ও অনিয়মে জড়িত মোট ৪১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৮ হাজার ১৩৬ জনকে জরিমানা করা হয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৮ ইউপি চেয়ারম্যান, ২৯ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ ৪৯ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস নিয়ে নির্যাতন ও সামাজিক কলঙ্কের ১২২টি ঘটনা ঘটেছে। সিজিএসের প্রতিবেদনে সাতক্ষীরার তালা উপজেলায় করোনাভাইরাসের ভয়ে কমপক্ষে দুটি হাসপাতাল থেকে চিকিৎসা করতে অস্বীকার করার পরে সাংবাদিকের মারা যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেছে।
বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৮২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৬৯ জন মারা গেছেন। সূত্র: ইউএনবি।
















