ইসলাম টাইমস ডেস্ক: নাটোর ও বগুড়া জেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী এবং বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোরের মৃত দুই শিশু মামাতো-ফুপাতো ভাই আরাফাত (৬) ও নুর নবী (৬)। বগুড়ার মৃত মোবার্শ্বিরা খান (৪) ও নিরব খান (৫) সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, আলী আকবরের ছেলে আরাফাত (৬) এবং আমিনুলের ছেলে নুর নবী (৬) একসঙ্গে খেলতে বের হয় দুপুরে। পরে গোসল ও খাওয়ানোর জন্য তাদের খোঁজ করা হলে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এই দুই শিশু স্থানীয় একটি এনজিও স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মাহফুজুর রহমান খান ও মাসুম খান দুই ভাই। তাদের মেয়ে মোবার্শ্বিরা ও নিরব। বাড়ির পাশের পুকুরে এক শিশু পড়ে গেলে অপরজন তাকে উদ্ধারে নামে। এতে দুই জনের মৃত্যু হয়। অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
















