জুনে শুরু হতে পারে বিমান চলাচল

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বেড়ে সেটা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। তবে বন্ধ থাকা বিমান চলাচল জুনের যে কোনো সময় শুরু হতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ গত ২১ মার্চ প্রথমে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন। এরপর একের পর এক বিমান বন্ধের সময়সীমা বেড়েছে। সর্বশেষ ১৫ মে সিভিল অ্যাভিয়েশন সূত্রে জানা গেছে, ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বেড়ে সেটা ৩০ মে পর্যন্ত করা হয়েছে।

বিমান চলাচলের বিষয় নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ‘আমরা বিমান দ্রুতই চালু করতে চাই। কিন্তু বিমান চালু করতে গেলে আমার লোক দরকার। বিমানবন্দরে যদি লোক না থাকে তাহলে সার্ভিস দেবে কারা?

তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার মানুষ তো থাকতে হবে। আবার করোনা পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে না। তবে ফ্লাইট চালু করার বিষয়ে আইকাও থেকে কিছু নির্দেশনা আমরা পেয়েছি। ফ্লাইট চালু করার আগে আমরা সেই বিষয়ে অবশ্যই সবার সঙ্গে কথা বলব। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করে কোন ফ্লাইট চালু করা হবে না।

পূর্ববর্তি সংবাদভ্যাকসিন আসুক বা না আসুক সব কিছু আবার চালু হবে: ট্রাম্প
পরবর্তি সংবাদরোহিঙ্গা শিবিরে করোনা শনাক্ত, কুতুপালং ক্যাম্প লকডাউন