নতুন ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন,”মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব দ্রুতই এই টেকনোলজিস্টদের নিয়োগ দেয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে করোনা মোকাবেলায় ২ হাজার বেডের অস্থায়ী হাসপাতাল কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

একই সাথে,করোনা মোকাবেলায় দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলমান রয়েছে।পাশাপাশি আমেরিকার উৎপাদিত ঔষধ রেমডেসিভির এখন দেশেই তৈরি হচ্ছে এবং সরকারের নিকট এই ঔষধ মজুদ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া নন কোভিড হাসপাতালে সাধারণ রোগীদের বাধ্যতামূলক চিকিৎসার জন্য সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এক্ষেত্রে মানুষ যেন করোনার লক্ষ্মণ থাকলে তার তথ্য গোপন না করেন সে ব্যাপারেও স্বাস্থ্যমন্ত্রী সকলের নিকট অনুরোধ করেন।

লকডাউন শিথিল করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকার প্রথম থেকেই একটি সুদূরপ্রসারী পরিকল্পনায় কাজ করেছে। যখন লকডাউন জরুরি ছিল তখনই লকডাউন করা হয়েছে, যখন শিথিল করা প্রয়োজন তখন স্বাস্থ্যবিধি বজায় রাখা সাপেক্ষে শিথিল করা হয়েছে। সবদিক বিবেচনা করে সরকার যাকিছু করছে তা ভেবেচিন্তেই করছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ‘গোলাগুলিতে’ ভারতীয় সেনার মৃত্যু, এক স্বাধীনতাকামী নিহত
পরবর্তি সংবাদ২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ