ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভীতির ছিটেফোঁটাও নেই রাজধানীতে। সংক্রমন এড়াতে গণপরিবহন বন্ধ রাখা হলেও কমতি নেই যানবাহনের। বরং সময় গড়ানোর সাথে সাথে রাস্তায় বাড়ছে মানুষের উপস্থিতিও। বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ছিলো ক্রেতাদের ভিড়।
এ যেন ব্যস্ততম নগরী ঢাকার চিরচেনা রূপ। পথে যানবাহনের দীর্ঘ সারি আর যানযটে ক্লান্ত পথিক। লকডাউনের পর আজই ঢাকার প্রবেশ-বাহির পথ থেকে শুরু করে অভ্যন্তরীন রাস্তাগুলোতেও দেখা মিলেছে বিপুল যানবাহন। যা সামলাতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে।
এদিকে, স্বল্প পরিসরে চালু হওয়া বিপণিবিতান কিংবা রাস্তার পাশের ফুটপাতে ছিলো ক্রেতাদের সরব উপস্থিতি। বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রাখাতো দূরের কথা ক্রেতা-বিক্রেতাদের কারও কারও মুখে ছিলোনা মাস্কও।
যদিও বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশনা মেনেই ব্যক্তি উদ্যোগে সেনিটাইজার টানেলের পাশাপাশি ছিলো সকল প্রকার সুরক্ষা ব্যবস্থা। ক্রেতাদের অসচেতনতায় ফের দোকান বন্ধের আতঙ্কে বিক্রেতারা।
















