সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় তাপসের

শেখ ফজলে নূর তাপস (ফাইল ছবি)

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। সেবার ব্রত নিয়ে সবাইকে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার ও মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দায়িত্ব নেয়ার পর রবিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না। এ ধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হয় তাতেও আমি পিছু পা হবো না।

সভার শুরুতেই তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত জাতীয় চার নেতাসহ ১৫ আগষ্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তাপস সরকারের বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিটি কর্পোরেশনের কার্যক্রম আইন, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করা হবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে এটি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন।

তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন কর্মকর্তারা আন্তরিকভাবে সততার সঙ্গে সেবার মনোভাব নিয়ে নগরবাসীর সেবাদানে এগিয়ে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তি সংবাদ২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
পরবর্তি সংবাদইসরাইলে চীনা রাষ্ট্রদূতের লাশ উদ্ধার