ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির উন্নতিতে ইউরোপের প্রায় সবদেশে তৃতীয় দফায় শিথিল হচ্ছে লকডাউন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁ, বারগুলোতে মানুষের ঢল।
ম্যানহাটনের সান্ধ্যকালীন বার, রেস্তোঁরায় মানুষের ঢল। নিষেধাজ্ঞা অমান্য করেই যেন উৎসবে মেতেছেন নাগরিকরা। নেই মাস্ক, সামাজিক দূরত্বের বালাই। কে বলবে করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর নিউইয়র্কের দৃশ্য এটি। যেখানে আক্রান্ত যেকোন দেশের চেয়ে বেশি, প্রায় সাড়ে তিন লাখ। মৃত্যুও প্রায় ত্রিশ হাজার।
পাশেই নিউজার্সি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত স্টেট। অবশ্য স্বল্প আকারে সমুদ্র সৈকত খুলে দেয়ার ঘোষণার পরই ভিড় লেগেছে সি ব্রাইট বিচে। কিন্তু সতর্কতাও সেখানেও ভুলুণ্ঠিত।
যেমন প্রজা তেমন তার রাজা। ডোনাল্ড ট্রাম্পের কথায় তা আরও স্পষ্ট। করোনাভাইরাস নিয়ে উদাসীনতায় সরকারের সমালোচনা করেছিলেন বরাক ওবামা। ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে সাবেক এ ডেমোক্রেট প্রেসিডেন্টকে তাই অপদার্থ বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
অসতর্কতায় পিছিয়ে নেই ব্রাজিলও। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো চান দ্রুত লক ডাউন উঠিয়ে দিতে। তবে ঘোর বিরোধিতা সিনেটর-গভর্নরদের। দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের দিনে প্রেসিডেন্টের পক্ষে লকডাউন বিরোধী মিছিল করেছে সাওপাওলোর হাজারো মানুষ। অথচ দেশের সবচেয়ে বেশি মৃত্যু জনবহুল এ নগরীতেই।
তবে সুখবর দিচ্ছে ইউরোপ। গেল ২৪ ঘণ্টায় দুমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে ইংল্যান্ড, ইতালি ও স্পেনে। এতে তৃতীয় দফায় শিথিল হতে যাচ্ছে অচলাবস্থা। খুলে দেয়া হচ্ছে ক্যাফে, রেস্তোরাঁ, সেলুন ও বার।
ভ্যাক্সিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে আরও ৮৪ মিলিয়ন পাউন্ড অনুদানের ঘোষণা ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। ইতোমধ্যেই ফার্মাসিউটিক্যাল ফার্ম অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তিও হয়ছে অক্সফোর্ডের।
যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রী অলোক শর্মা বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রায়াল সফল হলে সেপ্টেম্বরের মধ্যেই তিন কোটি প্রতিষেধক বানাবে এস্ট্রাজেনেকা। যা বাণিজ্যিক ভিত্তিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আশা করছি শিগগিরই উন্নয়নশীল দেশে সস্তায় প্রতিষেধক পাওয়া যাবে।’
ভারতে ৩১ মে পর্যন্ত চতুর্থ দফায় বেড়েছে লকডাউন। তবে এখন থেকে আন্তঃনগর যাতায়াতে বাধা নেই। পুরো ভারতকে লাল, কমলা আর সবুজ এই তিন অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে প্রশাসন।
















