সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে ১০৯ বাংলাদেশির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। এছাড়াও আরো তিন হাজার সাতশ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, সৌদি আরবও করোনায় বিপর্যস্ত। দেশটিতে ৫৭ হাজার তিনশ ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনশ ২০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৮ হাজার সাতশ ৪৭ জন।

ওয়ার্ল্ডওমিটার।

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় ‘আম্পান’: বঙ্গোপসাগরে এরকম ঝড় এই শতাব্দীতে প্রথম বলে ভারতে হুঁশিয়ারি
পরবর্তি সংবাদবিশ্বব্যাপী একদিনে করোনা থেকে সুস্থ ৪৭ হাজার