ইসলাম টাইমস ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে করোনাভাইরাসের প্রভাবে কৃষকরা তাদের সবজির ন্যায্যমূল্য না পাওয়ায় সেনাবাহিনী তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের সবজি ক্রয় করছে।
মঙ্গলবার সকালে সাত পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আংগারিয়ার নদীর পাড়ে মোসা. রিজিয়া বেগমের সবজি ক্ষেত থেকে তারা টাটকা সবজি ক্রয় করেন।
পর্যায়ক্রমে সবার কাছ থেকে সবজি ক্রয় করা হবে। সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স, কাঁচা মরিচ, পেঁপে, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, চুনা কুমড়া, বরবটি।
চাষী মোসা. রিজিয়া বেগম জানান, তিনি ৫০ শতক জমিতে বিভিন্ন প্রকারের সবজির চাষ করেছেন। ১২ মাস তিনি সবজি বিক্রয় করে তার সংসার চালান। করোনাভাইরাসের কারণে তার সবজি বিক্রয় না হওয়ায় ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল। এ সময় ন্যায্যমূল্যে সেনাবাহিনী তার কাছ থেকে সবজি ক্রয় করায় তিনি খুব খুশি।
২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. সাইদ জানান, আমরা সাত পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস থেকে এখানে এসেছি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি করোনার এই দুর্যোগকালে প্রান্তিক চাষীরা ন্যায্যমূল্যে সবজি বিক্রয় করতে পারছে না। এ কারণে আমরা রিজিয়া বেগমের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করেছি। আমরা শুধু এখানেই নয় বরিশাল বিভাগের অন্য অঞ্চলেও আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
















