ইসলাম টাইমস ডেস্ক: ভারতে ১ লাখ ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা। আক্রান্তের দিক থেকে আগেই মহামারীটির উৎস দেশ চীনকে ছাড়িয়েছে।
লকডাইনের ৫৫তম দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৩১ জন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে এ খবর।
এ পর্যন্ত কোভিড-১৯ রোগে ভারতে মারা গেছে ৩ হাজার ১৫৬ জন। আট দিনে সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়লেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই হার বিশ্বের অনেক উন্নত দেশের থেকে কম।
মন্ত্রণালয় পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ভারতে প্রতি লাখে সংক্রমিতের সংখ্যা ৭.১ জন। সেখানে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালিতে প্রতি লাখে সংক্রমিতের সংখ্যা ৪৩১, ১৯৫, ৩৬১, ৪৯৪ ও ৩৭২ জন।
কিন্তু ওই সব দেশে পরীক্ষা বেশি হচ্ছে বলে রোগী চিহ্নিত বেশি হচ্ছে— বিরোধীদের এই যুক্তির জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গোটা দেশে প্রায় ২১ লাখ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে এক লাখ লোকের সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের হার বেশি হলে পরীক্ষার ফলে তা প্রতিফলিত হতো।
মে মাসের প্রথম থেকে দেশের মধ্যে শ্রমিক স্পেশাল, বিশেষ ট্রেন ও বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো শুরু হওয়ায় নতুন করে করোনা পরীক্ষার নির্দেশনামা জারি করেছে আইসিএমআর।
















