ঢাকার প্রবেশপথে পুলিশের কড়া পাহারা

ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ  কমাতে গতকাল মঙ্গলবার থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকা থেকে বাইরে যেতে এবং ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।  ঢাকার প্রবেশমুখে কড়া পাহারা বসিয়েছে পুলিশ। যারা সকালের দিকে এই কড়াকড়ির আগে বিভিন্ন ঘাটে পৌঁছে গেছেন, তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে। ঈদ পর্যন্ত এই অবস্থা থাকবে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম  বলেন, করোনার সংক্রমণ রোধে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। এর আগে ঢাকাবাসীকে অনুরোধ করা হয়েছিল যে তাঁরা যেন এই শহর ছেড়ে না যান। কিন্তু দেখা গেছে, তারপরও মানুষ দলে দলে শহর ছাড়ছেন। এ জন্য শহরের প্রবেশমুখে পাহারা বসানো হয়েছে।

গতকাল সকালে রাজধানীর গাবতলীসংলগ্ন আমিনবাজার সেতুর কাছে দেখা গেছে, পুলিশ আমিনবাজার সেতু হয়ে ঢাকার বাইরে যেতে বা ঢুকতে দিচ্ছে না। আমিনবাজার সেতুতে ওঠার আগে গাবতলী পুলিশ ফাঁড়ির সামনে নিরাপত্তাচৌকি (চেকপোস্ট) বসিয়ে ঢাকার বাইরে যাওয়া ও ঢাকায় প্রবেশ করা লোকজনকে ঠেকানো হচ্ছে।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানালেন, ঈদ উদ্‌যাপন করতে কাউকেই ঢাকার বাইরে যেতে এবং ঢুকতে দেওয়া হবে না। তবে জরুরি সেবায় যুক্ত ব্যক্তি বা পণ্যবাহী পরিবহন চলাচলে কোনো বাধা নেই। পুলিশের এই কড়াকড়ির আগে সকালের দিকে বেশ কিছু লোক ঢাকা ছেড়ে চলে যান।

 

পূর্ববর্তি সংবাদসুপার সাইক্লোন আম্পান: উপকূলীয় এলাকাতে ১০ নম্বর মহাবিপদ সংকেত
পরবর্তি সংবাদ২৭ ও ২৯ শে রমজান : শবে কদরের সম্ভাবনাময় আর মাত্র দুই রাত বাকী