ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৪ মে (রোববার) জেরুজালেমে দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার শুরু হচ্ছে।
দুর্নীতির মামলায় নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার শুরুর অনুমতির আবেদন খারিজ করে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
বুধবার আদালতের নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগ পড়ার সময় অভিযুক্তকে আদালতে হাজির থাকতে হবে আর এই মামলায় নেতানিয়াহুকে বিশেষ সুযোগ দেয়ার কোনো কারণ নেই।
নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার শুরুর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত।
নেতানিয়াহুর আইনজীবীরা আদালতে দেয়া যুক্তিতে বলেন, নিজের বিরুদ্ধে গঠন হওয়া অভিযোগগুলো ইতিমধ্যেই জেনে গেছেন নেতানিয়াহু। তার নিরাপত্তার জন্য যত দেহরক্ষী প্রয়োজন হয় তাতে আদালত কক্ষে করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন হতে পারে।
তবে আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে বলেছে আদালত কক্ষে দেহরক্ষীর সংখ্যা কমিয়েও আনা যেতে পারে এবং অভিযোগ পড়ার সময় নেতানিয়াহুকে অবশ্যই হাজির থাকতে হবে যাতে করে বিচারকেরা তার কাছ থেকেই জানতে পারেন যে তিনি এগুলো পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
















