ইসলাম টাইমস ডেস্ক: প্রবল ঘুর্ণিঝড় আম্পান বয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে। তবে ঝড়ের দাপট পশ্চিমবঙ্গেই ছিল বেশি। রাজ্যটিতে ঝড়ের প্রভাবে এক লক্ষ কোটি টাকার ক্ষয় ক্ষতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
গতরাতে টানা বারোঘন্টা পশ্চিমবঙ্গ সরকারের সদর দফতর নবান্নর কন্ট্রোল রুমে বসে তিনি ঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কন্ট্রোল রুমের বাইরে থমথমে মুখ নিয়ে বসে তিনি সাংবাদিকদের বললেন, সব শেষ হয়ে গেল ৷ করোনার থেকেও মারাত্মক প্রভাব পড়লো আম্ফানের উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলা বিধ্বস্ত, লণ্ডভণ্ড ৷ কলকাতা, হাওড়া অনেকটাই ক্ষতিগ্রস্ত ৷ দুই মেদিনীপুর বিপর্যস্ত ৷ আপাতত চৌদ্দ জনের মৃত্যুর খবর এসেছে। আরও মৃত্যুর ঘটনা জানতে পারা যাবে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় এক লক্ষ কোটি টাকা ৷
মমতা বলেন, সতেরোশো সাইত্রিশ সালের এগারো অক্টোবরের পর এত বড় ঝড় আর পশ্চিমবঙ্গে আসেনি ৷ তখন ঝড় প্রতিরোধের ব্যবস্থা এত আধুনিক ছিল না বলে এক কলকাতাতেই মারা গিয়েছিলেন প্রায় তিনহাজার মানুষ ৷ এবারের ঝড়ের সঙ্গে সেই ঝড়ের তুলনা করে মমতা বলেন, দুহাজার আটের আয়লার থেকেও আম্ফান ক্ষতি করেছে অনেক বেশি ৷ তিনি জানান, কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, টেলি যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থা বিধস্ত, রাস্তার ক্ষতি হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাকে পুনর্ঘটনের জন্যে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷ বলেছেন, এখন দয়া করে কেউ রাজনীতি করবেন না ৷ এটা রাজনীতির সময় নয় ৷ বুধবার রাতেই সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবাংলার মমতাকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দেন৷
















