ইসলাম টাইমস ডেস্ক: এই ছবিতে যাকে দেখছেন তাঁর নাম শাহ আলম মীর। মুখে দাড়ি শোভা পাচ্ছে। গায়ে স্বেচ্ছাসেবকের পোষাক। প্রায় ত্রিশ বছর ধরে তিনি সংকটময় মুহূর্তে মানুষকে সতর্ক করে আসছিলেন। গতকাল ঘূর্ণিঝড় নিয়ে মানুষকে সতর্ক করতে গিয়ে প্রথমে নিখোঁজ হন। তারপর তার লাশ পাওয়া যায়। ৩০ বছর ধরে সিপিপি’র সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মজীবনের এভাবেই সলীল সমাধি ঘটে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়েছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মী মো. শাহ আলম মীর (৫৫)মৃত্যু হয়েছে। তিনি বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নে খেয়া পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
সামাজিক মাধ্যমে এই স্বেচ্ছাসেবকের মৃত্যু অনেকের দৃষ্টি কেড়েছে। তার প্র্রতি ভালবাসা প্রকাশ করে অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।
একজন লিখেছেন, এইসব মানুষেরা কখনো রিকগনিশন চায়না। কোনো প্রনোদনা পায়না। তাদের ‘স্যার’ ডাক শুনতে চাওয়ার খায়েশ নেই। তারা শুধু নীরবে কাজ করে যান। আর মরেও যান নীরবে। ওনাদের কাজের স্বীকৃতি এই দুনিয়াতে না পাওয়া গেলেও দয়াময় আল্লাহ আখেরাতে অবশ্যেই দিবেন। ’
















