ঘূর্ণিঝড় আম্ফানে নিহতের সংখ্যা বেড়ে ২২

ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। যাশোরে আরও সাতজনের মৃত্যুর খবর আসায় দেশে এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল ২২ জন।

এর মধ্যে যাশোরে ১২ জন, পিরোজপুরে ৩ জন, পটুয়াখালীতে ২ জন এবং ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা, চাঁদপুর ও বরগুনায় একজন করে মারা গেছেন।

সুপার সাইক্লোন আম্ফান শক্তি কিছুটা হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে। ঝড়ের মধ্যে প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন দেশের অর্ধেকের বেশি গ্রাহক।

বুধবার রাতে ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ে যশোরের মণিরামপুর উপজেলায় এক দম্পতি ও বাবা-ছেলেসহ পাঁচজন এবং শার্শায় আরও দুই জনের মৃত্যু হয়, যা স্থানীয় জনপ্রতিনিধিরা জানতে পারেন বৃহস্পতিবার বিকালে। এ নিয়ে জেলায় ঝড়ে ১২ জনের প্রাণহাণির ঘটনা ঘটল। এর আগে বুধবার চৌগাছায় দুইজন, শার্শায় দুজন ও বাঘারপাড়ায় একজনের মৃত্যু হয়।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় মণিরামপুরে পাঁজনের মৃত্যুর খবর আগে জানা যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর আবুর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

পূর্ববর্তি সংবাদভারতে আক্রান্তের নতুন রেকর্ড, একদিনে মৃত্যু ১৪৮ জনের
পরবর্তি সংবাদঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে বাধা নেই: র‌্যাব ডিজি