ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ সময় মৃ্ত্যু হয়েছে ১৪৮ জনের। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড।
নতুন ৬ হাজার সহ ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল এক লাখ ১৮ হাজার ৪৪৭ জনে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি।
দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যায় অনেক দিন ধরেই শীর্ষে মহারাষ্ট্র। সারাদেশের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই সেখানে। গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৩৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪২। এর মধ্যে মুম্বাই শহরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি।
আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৬৭ জন। এর পরে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯০৫ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৬,২২৭), মধ্যপ্রদেশ (৫,৯৮১), উত্তরপ্রদেশ (৫,৫১৫), পশ্চিমবঙ্গ (৩,১৯৭), অন্ধ্রপ্রদেশ (২,৬৪৭), পাঞ্জাব (২,০২৮), বিহার (১,৯৮২), তেলঙ্গানা (১,৬৯৯), কর্নাটক (১,৬০৫), জম্মু-কাশ্মীর (১,৪৪৯) ও উড়িষ্যা (১,১০৩), হরিয়ানা (১,০৩১)।
















