ইসলাম টাইমস ডেস্ক: ২০১৮ সনে ইস্তাম্বুলে খুন হওয়া জামাল খাসোগির পরিবার তার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে। শুক্রবার এই খাসোগির ছেলের টুইটের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খাসোগির ছেলেরা টুইটে লিখেছেন, রমযান মাসে জুমার রাতে আমরা আল্লাহর সেই বাণীকে স্মরণ করছি, যদি কেউ ক্ষমা করে দেয়…. তাহলে তার পুরস্কার আল্লাহর নিকট।
তাই আমরা, খাসোগির ছেলরা, ঘোষণা দিচ্ছি, আমরা ওই সব লোকদের ক্ষমা করে দিলাম যারা আমাদের বাবাকে হত্যা করেছিল। আমরা এর বিনিময় আল্লাহর নিকট প্রত্যাশা করি।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে প্রবেশের পর আর বের হননি সৌদি সরকারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। সেখানেই তাকে হত্যা করা হয়। তবে এখনো তার মরদেহ পাওয়া যায়নি। তখন তুরস্ক দাবি করে, সৌদি আরবের ১৫ জন এজেন্ট সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেন।
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড হয়েছে, তিনজনের ২৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং বাকিরা খালাস পেয়েছেন।
সূত্র: আল জাযিরা
















