ঈদের আগেই যাকাত-ফিতরা বণ্টন শেষ করুন: আল্লামা কাসেমী

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল ফিতরের আগে গরীবদের মাঝে সদক্বায়ে ফিতর ও যাকাত যথাযথভাবে বণ্টন শেষ করতে সমর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (২৩ মে) শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, হযরত ইব্নে আব্বাস (রাযি.) বর্ণনা করেছেন, রোযাকে অশ্লীল এবং অনর্থক কথাবার্তা থেকে পাকপবিত্র করার জন্য এবং দুঃস্থ-অসহায়-গরীবদের জীবিকা হিসেবে রাসূলুল্লাহ্ (সা.) সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। (আবুদাঊদ, মিশকাত)।

জমিয়ত মহাসচিব বলেন, ফিতরা’র উপকারিতা হল এতে রোযা পাকপবিত্র হয়ে আল্লাহ্ তাআলার দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয়। ফিতরা দানের ফলে দুনিয়া ও আখেরাতের বরকত এবং কবরের আযাব ও মৃত্যুর কষ্ট হতে নাজাতের আশা করা যায়।

আরো পড়ুন: সমগ্র বিশ্বে একই দিনে চান্দ্রমাসের সূচনা, একই দিনে রোযা-ঈদ কি সম্ভব?

আল্লামা কাসেমী বলেন, অপরদিকে যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল নামায, তার পরই যাকাত। কুরআন মাজীদের বহু স্থানে নামাযের সাথে সাথে যাকাতের আদেশ করা হয়েছে এবং যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগত মুমিনদের জন্য অশেষ সাওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন- ‘তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা দেখছেন’। (সূরা বাকারা, আয়াত ১১০)।

জাকাত ও সদকাতুল ফিতরের গুরুত্ব বিবেচনায় পবিত্র ঈদুল ফিতরের আগে সমর্থ্যবান সকলের প্রতি সদক্বায়ে ফিতর ও যাকাত যথাযথ প্রাপ্য গরীবদের মাঝে বিলিবণ্টন শেষ করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীG

আরো পড়ুন: এক রমযানে একাধিক রোযা ভাঙ্গলে কতটি কাফফারা আদায় করতে হবে?

পূর্ববর্তি সংবাদদেশের আকাশে দেখা যায়নি শাওয়ালের চাঁদ, ঈদ সোমবার
পরবর্তি সংবাদঈদ উপলক্ষে কাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ