ইসলাম টাইমস ডেস্ক: ঈদের কেনাকাটা করতে গিয়ে রংপুর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রংপুরের তারাগঞ্জে ট্রাক চাপায় শরিফুল ও হেলাল নামের দুজন ও টাঙ্গাইলের গোপালপুরে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে বন্যা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এই তিন জনরে মৃত্যু হয়।
রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪)একই গ্রামের খোরশেদ আলীর ছেলে হেলাল উদ্দিনকে (১৪) নিয়ে ঈদের শার্ট-প্যান্ট কেনার জন্য বাইসাইকেলে তারাগঞ্জ সদর বাজারে যাচ্ছিলেন।
তারা বরাতী ব্রিজ নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, দুজনকে চাপা দিয়ে চালক ট্রাকটি মহাসড়কের পাশেই খাদে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে ট্রাকটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
এদিকে শনিবার দুপুরে টাঙ্গাইলের পৌরশহরের সূতী বলাটা ব্রিজ থেকে নামার সময় ইজিবাইক উল্টে আলমনগর ইউনিয়নের বীরনলহারা গ্রামের বাবু মিয়ার স্ত্রী বন্যার মুত্যু হয়েছে।
আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন বলেন, বন্যা গোপালপুরে গিয়ে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাপস চন্দ্র সাহা তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো তথ্য দেয়নি।
















