ইসলাম টাইমস ডেস্ক: করোনার আতঙ্কে বাড়তি উদ্বেগ ডেঙ্গু। করোনা মহামারির মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ওষুধ সংকটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফরমুলেশন প্রক্রিয়া শেষ করতে না পারায় ভারত থেকে আমদানি করা ওষুধ ব্যবহার করতে পারছে না ডিএসসিসি কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, গেল সাড়ে ৫ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ শতাধিক।
সময়টা এডিস নিধনে সর্বোচ্চ তৎপরতা দেখানোর। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাণ্ডারে এখন মশা মারার ওষুধ সংকট। গেল বছর ভারত থেকে ওষুধ তৈরির মূল উপাদান ম্যালাথিউন আমদানি করা হয়। এর সাথে ডিজেল ও এমএল সাইট্রোনেলার মিশ্রণে তৈরি হয় মূল ওষুধ। কিন্তু এ ফরমুলেশনের নিজস্ব প্রযুক্তি না থাকায় দু’দফা দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। ৬ মাসের বেশি সময়েও কার্যক্রম সম্পন্ন হয়নি।
















