ইসলাম টাইমস ডেস্ক: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঘরে বসে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৫ মে) ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের একান্ত প্রয়োজনীয় কর্মকর্তা অনুসারীরা অংশ নেন।
রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর।’
ঈদের দিনটি বড়ই আনন্দের ও খুশির উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। কিন্তু এবার এমন একটা সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, যখন সারাবিশ্ব কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলছে। এ সময়ে করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ।
















