ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানে পড়ে গেছে বিদ্যুতের খুঁটি। ঝড়ের ৬ দিন পেরিয়ে গেলেও যশোরের কেশবপুরে কয়েক হাজার পরিবার এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।
নিম্নমানের সঞ্চালন লাইন নির্মাণ ও পল্লী বিদ্যুৎ সমিতি মনিরামপুর ২ এর জনবল সংকটে দ্রুত গ্রাহকদের সংযোগ দেয়া যাচ্ছে না বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির জি এম অরুণ কুমার।
২০ মে বুধবার দুপুর থেকে কেশবপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে কেশবপুরে।
কেশবপুর পল্লী বিদ্যুতে সমিতির ডিজিএম আবদুল লতিফ জানান প্রায়, প্রায় ৭০০ কিলোমিটার বিদ্যুৎলাইনের ক্ষতি হয়। সোমবার পর্যন্ত ৪০০ কিলোমিটার লাইন মেরামত করা হয়েছে।
উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান, সাগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাদাৎ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিন জানান, তাদের এলাকায় ৭০ ভাগ মানুষ এখনও বিদ্যুৎ পায়নি।
কেশবপুর শহরের মধ্যকুল এলাকার আবদুর রউফ জানান, কেশবপুর থেকে যশোরের দিকে মাস তিনেক আগে নতুন বিদ্যুতের খাম্বা পোতা হয়। তারও টানানো হয়। তার পাশে মাত্র ১৫ ফুট দূরে প্রায় ১৫ বছর আগে কাঠের পোল দিয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়। পুরনো লাইনের একটি খুঁটিও ঝড়ে পড়েনি। কিন্তু তিন মাস আগে নির্মাণ করা নতুন খাম্বা তারসহ উপড়ে গেছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অরুণ কুমার জানান, আরইবি থেকে ওই লাইন নির্মাণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম তিনি জানেন না। তবে সুপারভাইজার মনির ওই কাজ করিয়েছেন।
















