সরকারের দেয়া ছাড় অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হতে পারে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হওয়ার আশংকা থাকবে। করোনা আমাদের কারো বন্ধু নয়, কাজেই গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে থেকে এক ভিডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএর সাথে আলাপ-আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ছাড় যেন বিষাদে পরিণত না হয়। মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে বিআরটিএর সাথে মিটিং করে এ সব বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘অনেক ক্ষতি হয়েছে, কওমী মাদরাসা খুলতে আর দেরি করা উচিত নয়’
পরবর্তি সংবাদসাবেক জামায়াত নেতা, বর্তমানে ‘এবি পার্টি’র সদস্য সচিব মনজুর করোনা শনাক্ত