‘সরকার ও হাইয়ার নেওয়া সিদ্ধান্ত মোতাবেক খোলা হবে মাদরাসা’

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বেড়েছে ১৫ জুন পর্যন্ত। তবে এই ছুটির কারণে প্রতি বছর রমজানের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়া কওমী মাদরাসাগুলো খোলার ব্যাপারে সরকার ও আল হাইয়ার নেওয়া সিদ্ধান্ত মোতাবেক মাদরাসা খোলা হবে বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু।

করোনা পরিস্থিতিতে মাদরাসা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আল হাইয়ার সিনিয়র ৫ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। সেখানে মাদরাসা খোলার ব্যাপারে মন্ত্রীর সাথে কথা হয়েছে। মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত তুলে ধরার পূর্বে হাইআতুল উলয়ার নির্বাহী কমিটি আরেকটি বৈঠক করবে। তারপর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে কোন কিছু আমরা জানাতে পারছি না বলেে ইসলাম টাইমসকে জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু।

মুসলেহুদ্দীন রাজু আরো বলেন, বর্তমানে বিভিন্ন মাদরাসা অনলাইন ও অফলাইনে ভর্তির যে ব্যবস্থা চালু করেছে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোন নির্দেশনা নেই।

মাদরাসাগুলো শিগগির খুলতে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুরব্বীরা। যেহেতু করোনা সংক্রমণ বেড়েই চলেছে তাই মাদরাসা খোলার ব্যাপারে বোর্ড সরকারের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিবে বলে জানান মাওলানা মুসলেহুদ্দীন রাজু।

পূর্ববর্তি সংবাদবাসে ২৫-৩০ শতাংশ আসন খালি রাখতে হবে : কাদের
পরবর্তি সংবাদসরকার করোনাকে আক্রমণের সুযোগ করে দিচ্ছে: রিজভী