ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় খুনীদের শাস্তি চেয়েছে বাংলাদেশ। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারবাল নোট দিয়েছে।
বাংলাদেশ রাষ্ট্রদূত এস কে সেকেন্দার আলী বলেন, ২৬ জন বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারবাল নোট দিয়েছি। তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির বিষয়ে বলা হয়েছে। এখন তাদের লিখিতভাবে জানাবো।
রাষ্ট্রদূত জানান, যেখানে র্ঘটনা ঘটেছে সেটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে কারও নিয়ন্ত্রণ নেই। এখানে দুপক্ষের যুদ্ধ চলমান। দুপক্ষের ফ্রন্ট-লাইনে পড়েছে এই মিজদাহ শহর। ঘটনাটি যারা ঘটিয়েছে তারা মিলিশিয়া এবং মানবপাচারের সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি। এখন এটা অভ্যন্তরীণ কোন্দল হতে পারে আবার প্রতিশোধমূলক হত্যাও হতে পারে।
















