সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু রেকর্ড ৪০ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৫৪৫ জনের। মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন।

রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন, তার মধ্যে এটাই সর্বোচ্চ। ফলে এ পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩।

তিনি বলেন, দেশে ৫২টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

পূর্ববর্তি সংবাদসকলকে নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব পালন করতে হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ