ভার্চুয়াল কোর্টে ১০ কার্যদিবসে ২১ হাজার আসামির জামিন

ইসলাম টাইমস ডেস্ক: কারাগারে থাকা ২১ হাজার আসামি ভার্চুয়াল আদালতে জামিন পেয়েছেন মাত্র ১০ কার্যদিবসে। করোনা ভাইরাসের কারণে ১১ মে শুরু হওয়া এ আদালত নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও; অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, কোনো কুখ্যাত আসামি যেন বের হয়ে যেতে না পারে, সেদিকে কড়া নজর রাখছে তার অফিস। তবে, কতদিন এ ভার্চুয়াল আদালত চলবে, তা প্রধান বিচারপতির হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

করোনায় বিচার কাজ যখন একেবারেই বন্ধ তখন রাষ্ট্রপতি সেই পথ খুলতে অর্ডিন্যান্স জারি করেন ভার্চুয়াল কোর্টের। দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মত ১১ মে বিচার শুরু হয় ভার্চুয়াল আদালতের। আর ১২ মে হালদার ডলফিন মারা বন্ধের নির্দেশ, হাইকোর্টের প্রথম ভার্চুয়াল সিদ্ধান্ত।

সারাদেশে প্রায় সাড়ে তিনশোর মত ভার্চুয়াল আদালত চালু ছিলো। সুপ্রিম কোর্ট সূত্র বলছে ১০ কার্যদিবসে প্রায় ২১ হাজার আসামী জামিন পেয়েছেন। আর এতে লাভ হয়েছে কারাগারে থাকা আসামীদের। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন কোন বড় আসামী যেনো বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

তবে কতদিন চলবে ভার্চুয়াল আদালত এমন প্রশ্নের উত্তর প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের হাতে ছেড়ে দিলেন অ্যাটর্নি জেনারেল।

তবে করোনার মধ্যে যে সমস্ত বিচারক ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালাচ্ছেন তাদের ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পূর্ববর্তি সংবাদদেশে দেশে মসজিদ খুলে দেওয়ার দৃশ্য: মুসল্লিদের অধীর অপেক্ষা
পরবর্তি সংবাদবিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল আরও একমাস মওকুফ