ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করতে কোনো বাঁধা নেই। সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পর সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ সিদ্ধান্তে পৌঁছেছে।
রোববার ঢাকার পীরজঙ্গী মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।
বৈঠক সূত্রে জানা যায়, কওমি মাদরাসাগুলোয় কবে থেকে পাঠদান শুরু হবে বা আবাসিক কার্যক্রম কবে থেকে চলবে তা পরে সিদ্ধান্ত হবে। আপাতত ভর্তি কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি ছফিউল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আবাসিক অনাবাসিক সব ধরণের কওমী মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করা হয়েছিল। আগামী সিদ্ধান্ত অচিরেই জানাবে হাইয়াতুল উলইয়া।
















