করোনা ভাইরাস: কয়েক মাসেই দেশে ফিরেছেন ১৫ হাজার ২১৭ প্রবাসী

ইসলাম টাইমস ডেস্ক: ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি সদস্য দেশ থেকে গত ৪ মাসে ৬ হাজার ২৪১ জন বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফিরিয়ে এনেছে। একই সময় বাংলাদেশ থেকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২১টি দেশ ও ইইউর কয়েকটি সদস্য দেশের ১১ হাজার ৮৯২ জন নাগরিক তাঁদের দেশে ফিরে গেছেন। এ ছাড়া গত দেড় মাসে ৮ হাজার ৯৭৬ জন অভিবাসী দেশে ফিরেছেন। এ পর্যন্ত ১৫ হাজার ২১৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনাবিষয়ক সেল থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঘটার আগেই চিকিৎসা, বেড়ানো, পড়াশোনা ও পেশাগত নানা কাজে গিয়েছিলেন কয়েক হাজার বাংলাদেশি। লকডাউন, আকাশপথে চলাচল বন্ধসহ নানা কারণে প্রতিবেশী ভারতের পাশাপাশি সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশ আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা অনেক দেশে এসব বাংলাদেশি আটকা পড়েন।

করোনার সংক্রমণের বিস্তার ঘটার পর থেকে বিশেষ ব্যবস্থায় আকাশ ও সড়কপথে বাংলাদেশের নাগরিকদের ফেরানো এবং বিদেশিদের বাংলাদেশ ছাড়ার বিষয়টিতে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনাবিষয়ক সেল।

আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরানো এবং বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সমন্বয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী কর্মীদের ফেরানোর কাজটি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত দেড় মাসে কুয়েত, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও সৌদি আরব থেকে ৮ হাজার ৯৭৬ জন অভিবাসী দেশে ফিরেছেন। এঁদের মধ্যে কুয়েত থেকে ৩ হাজার ৪৮৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৭৯২ জন, ওমান থেকে ১ হাজার ৪০৮ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৩৯৪ জন, বাহরাইন থেকে ৩১১ জন, সৌদি আরব থেকে ৩০৯ জন এবং সিঙ্গাপুর থেকে ২৭৩ জন দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা  জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরেছেন। বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ অনিয়মিত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। অতীতে অনিয়মিতভাবে বিভিন্ন পেশায় থাকলেও করোনার কারণে অর্থনৈতিক অস্থিরতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ পাওয়া দুরূহ হবে। এ জন্য কয়েক হাজার বাংলাদেশি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অন্য দেশের মতো কোনো রকম জরিমানা না দিয়েই বিনা খরচে দেশে ফেরার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অভিবাসীরা। করোনার সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কারাবন্দীদের মুক্তি দিয়েছে। এতেও বেশ কিছু বাংলাদেশি দেশে ফিরেছেন।

 

পূর্ববর্তি সংবাদবিবাহিত মেয়ে স্বামীর অনুমতি ছাড়া অসুস্থ মা-বাবার সেবায় যেতে পারবে কি?
পরবর্তি সংবাদওমর ইবনে আবদুল আজিজ  রহ.-এর  কবরে হামলা:  সাহাবাদের প্রতি বিদ্বেষ থেকেই শিয়া মতবাদের সূচনা