ইসলাম টাইমস ডেস্ক: করোনা মানুষকে চিনিয়েছে কে কার আপন, কে কার পর। তাইতো করোনা আক্রান্ত হওয়ায় নিজের পরিবার এমনকি গ্রামেও ঠাঁই হয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা আক্রান্ত দম্পতি ইমন ও শামীমার। নিজ গ্রামে জায়গা না হওয়ায় আশ্রয় নিতে হয়েছে পাশের ইউনিয়নের একটি পরিত্যক্ত মুরগী খামারে।
কাছের মানুষগুলো কতদূরের হতে পারে গত কয়েকটা দিনে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইমন-শামিমা দম্পতি।
দুজনই চাকরি করতেন গাজীপুরের পোষাক কারখানায়। ফিরেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন ঠিকানায়। কিন্তু চেনা ঘর হয়ে ওঠে পর। দূরে ঠেলে দেন আত্মীয় পরিজনরা। কোথাও জায়গা না পেয়ে ঠাঁই হয়েছে পরিত্যক্ত মুরগির খামারে।
তখনো করোনা পরীক্ষা বা কোনো উপসর্গের দেখা মেলেনি দুজনের শরীরে। ২১মে গ্রামে ফেরার একদিন পর নমুনা সংগ্রহ করা হয় ইমন ও শামিমার। ২৮ মে নিশ্চিত হয় তাদের করোনা। কাছ থেকে দেখেছেন জীবনের কঠিন বাস্তবতা।
বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হওয়ার দাবি করেছেন পরিবারের সদস্যরা। আর নিরুপায় জনপ্রতিনিধি।করোনা মানুষকে চিনিয়েছে কে কার আপন, কে কার পর। ইমন-শামীমা দম্পতি তারই উদাহরণ।
আরো পড়ুন: লকডাউনের সাথে সাথে কি শেষ হলো সচেতনতাও?
















